



আজ ১ জুলাই। ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচি পরবর্তী সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, যা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত, তে রূপ নেয়। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে ৫ আগস্ট আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।
এই আন্দোলনের পটভূমি তৈরি হয় ২০১৮ সালে। সে সময় শিক্ষার্থীদের দাবির মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে। তবে ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট সেই পরিপত্র অবৈধ ঘোষণা করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬ শতাংশ কোটা পুনর্বহাল করলে শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামে।
৬ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। ৯ জুন শিক্ষার্থীরা সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেয়। এদিকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগ ৪ জুলাই দিন নির্ধারণ করে।
১ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের মধ্য দিয়ে দেশব্যাপী আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা এবং পদযাত্রা ও বিক্ষোভসহ ধারাবাহিক কর্মসূচি দেওয়া হয়। সমন্বয়ক নাহিদ ইসলাম ৪ জুলাইয়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল শেষে ঢাকা-আরিচা মহাসড়কে ১০ মিনিটের প্রতীকী অবরোধ পালন করা হয়। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে ছিল ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল, সরকারি চাকরির সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল এবং ভবিষ্যতে কোটাব্যবস্থার বিষয়ে কমিশন গঠন করে যৌক্তিক সংস্কার নিশ্চিত করা।
শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংস মোড় নেয়। ১৬ জুলাই থেকে প্রাণহানির ঘটনা শুরু হলে আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে এবং জুলাইয়ের শেষ দিকে তা সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। অবশেষে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান।
এনএনবাংলা/
Tags: গণঅভ্যুত্থানজুলাই
এ সম্পর্কিত আরও পড়ুন