Skip to content

Upcoming
Spain
0-0
Austria
Source: ESPN

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৮৮৫ টাকা। ফলে একটি ১২ কেজির সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর রমনায় বিইআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, জুন মাসে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) প্রতি টন ৭৯৯ মার্কিন ডলার থাকলেও জুলাই মাসে তা কমে ৫৯৩ ডলারে নেমে এসেছে। অর্থাৎ, সৌদি সিপি কমেছে প্রতি টনে ২০৬ ডলার।

তিনি আরও জানান, চলতি মাসে ডলারের বিনিময় হার সামান্য বেড়েছে। গত মাসে প্রতি ডলার ১২২ টাকা ৮১ পয়সা ধরা হলেও এবার তা ১২৩ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, বিনিময় হার বেড়েছে ২৭ পয়সা। এছাড়া জাহাজভাড়া ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলারে নেমেছে।

এসব সমন্বয়ের ফলে জুন মাসে প্রতি কেজি এলপিজির মূল্য ১৫৭ টাকা ৬ পয়সা থেকে কমে জুলাই মাসে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কেজিপ্রতি দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কোম্পানি পর্যায়ের বিক্রয়মূল্য ১ হাজার ৪৩৩ টাকা, পাইকারি পর্যায়ে ১ হাজার ৪৮৩ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই হারে অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

এদিকে, জুলাই মাসে বাসাবাড়িতে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন মূল্য প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

এনএনবাংলা/