Skip to content

Upcoming
Spain
0-0
Austria
Source: ESPN

এইচএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৪,৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের ছবি তুলেছেন শামীম আহমেদ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।

বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন।

অসদুপায়ের দায়ে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বোর্ডে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল।’

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এনএনবাংলা/