Skip to content

Upcoming
Spain
0-0
Austria
Source: ESPN

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, ৪ দিন ধরে বিদ্যুৎহীন ২২ হাজার গ্রাহক

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় ঝড় ও বজ্রপাতে একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ায় প্রায় ২২ হাজার গ্রাহক টানা চার দিন ধরে বিদ্যুৎহীন রয়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এলাকায় পানির সংকট, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা এবং এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ঝড় ও বজ্রপাতের সময় আদিতমারী-২ সাব-স্টেশনের (হাজীগঞ্জ) ১০ এমবিএ ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টানা চার দিন বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পানির পাম্প চালানো না যাওয়ায় তীব্র পানির সংকট তৈরি হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন চার্জ দিতে না পারায় যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে।

আদিতমারী উপজেলার হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, “বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজ কাজ করছে না। অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকাতে স্বাভাবিক জীবন বলে কিছু নেই।”

চলমান এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পরীক্ষার্থীরা। আদিতমারী উপজেলার আমেনা এলাকার এইচএসসি পরীক্ষার্থী আজিজুল বলেন, “পরীক্ষার পূর্বপ্রস্তুতি বলতে তো কিছু একটা থাকে। মোমবাতির আলোতে কি আর প্রস্তুতি নেওয়া যায়।”

এ বিষয়ে আদিতমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেন, “বজ্রপাতে ট্রান্সফরমারটি পুড়ে বিকল হয়ে গেছে। আমরা বসে নেই। ঢাকা থেকে একটি নতুন ট্রান্সফরমার আনা হয়েছে এবং সেটি প্রতিস্থাপনের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করছি, খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।”

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। গ্রাহকদের দুর্ভোগ কমাতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এনএনবাংলা/