



আগামীকাল শুক্রবার (৩ জুলাই) দুই যুগে পদার্পণ করতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। এ বছর চ্যানেটি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করবে। ‘সময়ের সাথে আগামীর পথে’ শ্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি।
১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই সর্বপ্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে। খুব অল্প সময়ের মধ্যেই এনটিভি তার অনুষ্ঠানের বিষয় বৈচিত্র্য, আধুনিক চিন্তাধারা, সুস্থ ও রুচীসম্মত নাটক নির্মাণ, টকশো এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের মন জয় করে নেয়। আগামীতেও এনটিভি তার এই জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি।

৩ জুলাই শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে প্রচার হবে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান ‘প্রবাসে এনটিভি ও গৌরবের ২৪’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌতম মন্ডল। সকাল ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘জন্মদিনে গানে গানে এনটিভি’। নাহিদা আফরোজ সুমী’র উপস্থাপনায় এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লুইপা ও সাব্বির। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অর্জনে অগ্রগতিতে এনটিভি’। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী, ফয়জুল কবির রিয়েল এবং সৈয়দ আহসান কবীর।
দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ আমাদের আনন্দের দিন’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ ইসলামী অনুষ্ঠান ‘আনন্দ আলোয়’। শাহ মোহাম্মদ সাইফুল্লাহ’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জয়নুল আবেদীন আজাদ। বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করেছেন কবি জাকির আবু জাফর, শরীফ বায়জীদ মাহমুদ, মাহসিনা মমতাজ, ড. মীর মঞ্জুর মাহমুদ, ডা: মশিউর রহমান এবং ক্বারী জহিরুল ইসলাম।

দুপুর ২টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘গণমাধ্যম ও এনটিভি’র ২৪ বছরে পদার্পণ’। খন্দকার সাইফুল ইসলাম পল্লবের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন গীতি আরা নাসরিন, মাহমুদুর রহমান, আব্দুল হাই শিকদার, শাহীদুজ্জামান সেলিম এবং আশরাফ কায়সার। বিকেল ৫টা ২৫ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে এনটিভি’র কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে মালয়েশিয়ায় ধারণকৃত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকা’র যৌথ উপস্থাপনায় বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, জেফার, চিত্রনায়িকা পূজা চেরী, তমা মির্জাসহ জনপ্রিয় তারাকারা। রাত ৯টায় এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য প্রদান করবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ মোসাদ্দেক আলী।

রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু এবং আইশা খান। রাত ১১টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের অংশগ্রহণে একক সঙ্গীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’। ফেরদৌস বাপ্পী’র উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ নূরুজ্জামান।
এনএনবাংলা/
Tags: ২৪ বছরে এনটিভিসময়ের সাথে আগামীর পথে
এ সম্পর্কিত আরও পড়ুন