Skip to content

Upcoming
Norway
0-0
England
Source: ESPN

ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে এবং দেশে ফিরলে সেই রায় কার্যকর করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ একটি ইন্টারভিউ আমরা দেখেছি, যেখানে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলা হয়েছে। আমাদের দাবি, দেশ ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই তিনি দেশে ফিরবেন, তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।”

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কার সঙ্গে ফিরবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দিল্লির সঙ্গে সরকারের কূটনৈতিক যোগাযোগের বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সরকারই নির্ধারণ করবে কখন, কীভাবে তাকে দেশে আনা হবে এবং কীভাবে আদালতের রায় কার্যকর করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত নয়; দিল্লি থেকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ীই তিনি কথা বলেন। ফলে তিনি দেশে ফিরবেন কি না, বিচার হবে কি না—এসব বিষয় মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল হিসেবে কার্যকর নয়।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা রাজনৈতিকভাবে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো প্রচেষ্টা হলে এবং সরকার সেটিকে প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলটিকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে, যা তিনি সঠিক পদক্ষেপ বলে মনে করেন। তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ইতোমধ্যে হয়েছে, এখন সেটি কার্যকর করাই প্রয়োজন। দেশে ফিরলে তিনি শুধু আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারাও বক্তব্য দেন।

এনএনবাংলা/