Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

বন্যার্তদের পাশে থাকার আহ্বান মেহজাবীন-তটিনীর

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধস পরিস্থিতির অবনতি হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। রাজধানী ঢাকাতেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নগরজীবন প্রায় অচল হয়ে পড়েছে। এমন দুর্যোগে সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বেগ প্রকাশ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের ফেসবুক পোস্টে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সবাইকে আল্লাহ ধৈর্য ও শক্তি দান করুন। যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকা হারিয়েছেন, তাদের জন্য সমবেদনা জানিয়ে তিনি উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিতদের প্রতিও শ্রদ্ধা প্রকাশ করেন। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাদুর্গত মানুষের দুর্ভোগে শোক প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের একাধিক জেলা পানির নিচে রয়েছে। হাজারো পরিবার আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। তিনি বলেন, যারা নিরাপদে আছেন, তাদের দায়িত্ব দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার কিংবা এক বোতল পানিও একজন মানুষের জন্য বড় সহায়তা হতে পারে। পাশাপাশি সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং অন্যদের সহায়তা করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদও নিজের ফেসবুক পোস্টে বন্যাকবলিত এলাকার দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার ও বান্দরবনের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। তার অভিযোগ, পরিস্থিতি নিয়ে পর্যাপ্ত আলোচনা বা গুরুত্ব দেখা যাচ্ছে না। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতের বিভিন্ন দুর্যোগে চট্টগ্রামের মানুষ অন্য জেলার পাশে দাঁড়িয়েছিল। এবারও বন্যাকবলিত মানুষের জন্য সবার এগিয়ে আসার আহ্বান জানান তিনি এবং আল্লাহর রহমত কামনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত তেমন কোনো বড় সম্মিলিত উদ্যোগ চোখে পড়েনি।

এনএনবাংলা/