Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

‘২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা’

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো সরকারি কর্মচারী পেনশন সুবিধার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি ফারাহ মাহবুবের লেখা পূর্ণাঙ্গ রায় গত ৯ জুলাই প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এমন বিধান করেছে যে, ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন বা সংশ্লিষ্ট অবসর সুবিধার অধিকারী হবেন না।

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। চাকরির ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা জজ থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে ২০১৫ সালে ১৯ বছরের চাকরিকাল বিবেচনায় ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক সুবিধা চেয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় আইন মন্ত্রণালয়কে জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্বের চাকরিকাল বাজেয়াপ্ত হয় এবং তা পেনশনের জন্য গণনাযোগ্য থাকে না। এছাড়া মাহবুব মোরশেদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা অনুযায়ী পেনশন পাওয়ার যোগ্য নন।

ওই চিঠি এবং বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০-এর বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন। ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট ২৫ মার্চ ২০১৫ সালের চিঠিটিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে এবং চাকরির মেয়াদ অনুযায়ী তার পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা ৯০ দিনের মধ্যে গণনা ও মঞ্জুরের নির্দেশ দেন।

পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ তা মঞ্জুর করেন এবং হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন। চূড়ান্ত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। ফলে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পেনশন সুবিধা না পাওয়ার বিধানই বহাল থাকল।

এনএনবাংলা/