সায়েন্সল্যাব ছাড়ার পর ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষার্থীদের

তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধের পর মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে রওনা হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আটকে দেয় পুলিশ। পরে তারা দিক পরিবর্তন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
এদিকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে অংশ নেওয়ায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। দুপুরে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে ভিসি চত্বরে পুলিশ তাদের বাধা দেয়।
দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা আরও বাড়ানো হয়। কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা পুনরায় তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে অগ্রসর হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন এবং বোর্ড ঘেরাও করেন।
আন্দোলনে সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো শোনা হচ্ছে এবং বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।
এনএনবাংলা/

