




টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেন। এ সময় তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীদের আরও দাবি, ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষাটি পুনরায় আয়োজন করতে হবে। একই সঙ্গে আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও শিক্ষার্থীবান্ধব করতে হবে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফায় সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে অবরোধ প্রত্যাহার করে মিছিল নিয়ে ঢাকা কলেজ, নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
সেখান থেকে পুলিশি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন। পরে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেন।
এ সময় সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা মানবিক বিবেচনায় জরুরি সেবার অ্যাম্বুলেন্সগুলোকে অবাধে চলাচলের সুযোগ দেন।
এনএনবাংলা/
Tags: HSC ExamStudent Protest Bangladeshএইচএসসি আন্দোলনএইচএসসি পরীক্ষাশিক্ষামন্ত্রীর পদত্যাগশিক্ষার্থী বিক্ষোভ
এ সম্পর্কিত আরও পড়ুন