Skip to content

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন

আমার সব গান মুছে ফেলুন, মত বদলাবে না: অরিজিৎ সিং

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আলোচনায় রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সংসদ অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেন।

সেই পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে যেমন ব্যাপক প্রশংসা হয়েছে, তেমনি এসেছে সমালোচনাও। এক ভক্তের কড়া মন্তব্যের জবাবে নিজের অবস্থান থেকে সরে না আসার কথা স্পষ্ট করেছেন এই গায়ক।

অরিজিৎ সিং পোস্টে লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এসব কী হচ্ছে? আপনারা কি নিজেদেরই ভগবান মনে করছেন? সবকিছু মনে রাখা হবে। হর হর মহাদেব।’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

পোস্টটি প্রকাশের পর এক ভক্ত মন্তব্য করেন, অরিজিতের প্রতি তার সব শ্রদ্ধা হারিয়ে গেছে। তিনি লেখেন, ‘এত দিন আপনার ভক্ত ছিলাম। কিন্তু এখন আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা করি।’

এর জবাবে শান্ত ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন অরিজিৎ সিং। তিনি বলেন, ‘কে আমাকে সম্মান করল আর কে করল না, তা নিয়ে আমি ভাবি না। সবারই আলাদা মতামত থাকতে পারে। আপনি আমার ভক্ত বলেই যে আমাকে আপনার মতো করে কথা বলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’

এ সময় ওই ভক্তের অনুভূতিতে আঘাত লেগে থাকলে দুঃখও প্রকাশ করেন তিনি। অরিজিৎ লেখেন, ‘মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার কষ্ট হয়ে থাকে, তার জন্য দুঃখিত। তবে আমি এই বিষয়টি নিয়ে সত্যিই ক্ষুব্ধ এবং স্বাধীনভাবে আমার মত প্রকাশ করেছি।’

শেষে নিজের অবস্থানে অনড় থাকার বিষয়টি স্পষ্ট করে তিনি লেখেন, ‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। কিন্তু আমার মতামতে কোনো পরিবর্তন আসবে না।’

অরিজিৎ সিংয়ের এই জবাব সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেক অনুরাগী তার স্পষ্ট অবস্থানের প্রশংসা করেছেন, আবার অনেকে ভিন্নমতও প্রকাশ করেছেন।

এনএনবাংলা/

সূত্র: আনন্দবাজার