সাম্প্রতিক
Skip to content

দাম্পত্য কলহ প্রকাশ্যে, স্ত্রী সুনীতাকে সতর্ক করলেন গোবিন্দ

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। ছবি: বলিউড হাঙ্গামা

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত এক বছর ধরে ব্যক্তিগত জীবনের নানা বিষয় প্রকাশ্যে উঠে আসছে তাদের কথাবার্তায়।

সম্প্রতি নবাগতা অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দর সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হলে স্বামীর সমালোচনা করেন সুনীতা। এবার সেই মন্তব্যের জবাব দিয়ে স্ত্রীকে ‘নিজের সীমার মধ্যে থাকার’ পরামর্শ দিয়েছেন গোবিন্দ।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে কোমলের সঙ্গে গোবিন্দকে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। এ বিষয়ে কথা বলতে গিয়ে সুনীতা বলেন, গোবিন্দর ‘লজ্জা হওয়া উচিত’।

সুনীতার দাবি, কোমলের বয়স তাদের মেয়ে টিনার বয়সের কাছাকাছি। এ ছাড়া গোবিন্দর রুচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি অভিনেতার ‘মাথা খারাপ হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন সুনীতা।

স্ত্রীর এসব বক্তব্যের জবাব দিতে গিয়ে গোবিন্দ বলেন, ‘সুনীতাজি, আপনি তো মা-বোন তুলে গালাগালি দিতে শুরু করেছেন। ঈশ্বর আপনাকে এমনভাবে তৈরি করেছেন যে মানুষ আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেয়। এখন মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে। তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে অনেক প্রত্যাশা করে। আপনি যেভাবে আচরণ করবেন, তারাও সেটাই অনুসরণ করবে।’

তিনি আরও বলেন, ‘তার পরে আপনার সঙ্গেই তারাও মা-বোন তুলে গালাগালি দিয়ে কথা বলা শুরু করবে। এটা করবেন না। মা-বোনের নামটাকে এভাবে সস্তা করে দিচ্ছেন। আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়।’

তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়েও সুনীতার মন্তব্যের জবাব দিয়েছেন গোবিন্দ। বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনি যে বয়স নিয়ে আলোচনা শুরু করেছেন, আপনার জ্ঞাতার্থে আবার মনে করিয়ে দিই—দেশের সমস্ত বড় অভিনেতাই এমন মেয়েদের সঙ্গে কাজ করেছেন, যারা সেই সময়ে তরুণ ছিলেন।’

গোবিন্দর ভাষ্য, দীর্ঘ অভিনয়জীবনে তিনি যে খ্যাতি, সম্মান ও সম্পদ অর্জন করেছেন, তা ঈশ্বরের আশীর্বাদ। তাই এসব নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়। স্ত্রীকে উদ্দেশ করে অভিনেতা আরও বলেন, ‘আপনি একটু নিজের সীমার মধ্যে থাকুন।’

এর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দ ও কোমলের ছড়িয়ে পড়া ছবি নিয়ে সুনীতাকে প্রশ্ন করা হয়। তারা একসঙ্গে কোনো সিনেমার প্রচার করছেন কি না, জানতে চাইলে সুনীতা বলেন, ‘আগে তো ছবিটা তৈরি হতে হবে! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়াই যদি সব হয়ে যায়, তাহলে আর কী বলব?’

এতেই থামেননি সুনীতা। গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন তিনি। কোমলকে উদ্দেশ করে তার মন্তব্য ছিল, ‘তোমার সুগার ড্যাডি এত ধনী, অন্তত ভালো পোশাক পরো। আমাদের দেখো, আমরা কীভাবে সাজগোজ করে চলি।’

উল্লেখ্য, ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান রয়েছে। এর আগেও স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। সাম্প্রতিক মন্তব্য ও পাল্টা জবাবের পর তাদের দাম্পত্য সম্পর্কের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।

এনএনবাংলা/