ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি

সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার দিনেই ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী অর্থে দেশটিকে সাদা পতাকা উত্তোলনের পরামর্শও দিয়েছেন তিনি।
সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তোলা।’ তবে সংঘাত দ্রুত শেষ করার জন্য তাঁর ওপর কোনো চাপ নেই বলেও জানান তিনি। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসির সঙ্গে যোগাযোগের জন্য একটি ‘ব্যাকচ্যানেল’ তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ভালো পোকার (এক ধরনের তাসের খেলা) খেলোয়াড়। কিন্তু তারা শেষ হয়ে যাচ্ছে। আমার কোনো নির্ধারিত সময়সূচি নেই। আমার কোনো তাড়াহুড়োও নেই।’
ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বানের দিনেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মহসেনি এজেই দাবি করেন, যুদ্ধে ‘মার্কিন শত্রুর’ পরাজয় হয়েছে এবং তাদের মিত্রদের বিশ্বাসেও পরিবর্তন আসছে।
মহসেনি এজেই বলেন, ‘হাইব্রিড যুদ্ধে শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে আত্মতুষ্ট থাকা উচিত নয়। বিজয়ের মূল চাবিকাঠি হলো ঐক্য এবং সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা।’
এদিকে তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যেকোনো হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র শর্ত লঙ্ঘন করায় যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি এখন অকার্যকর হয়ে গেছে।
সমঝোতা স্মারকটির অন্যতম উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি খুলে দেওয়া। তবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এখন প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ওমানের সঙ্গে একটি চুক্তির চেষ্টা করছে। উল্লেখ্য, ইরান ও ওমান—দুই দেশই হরমুজ প্রণালির উপকূলে অবস্থিত।
সোমবার ফক্স নিউজের সাক্ষাৎকারে ওমানকেও সতর্ক করেছেন ট্রাম্প। হরমুজ প্রণালি খুলতে বাধা দিলে দেশটির ওপর ব্যাপক বোমা হামলা চালানোর হুমকি দেন তিনি।
এর আগে গত শুক্রবারও হরমুজ প্রণালি নিয়ে আগ্রাসী মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় তিনি বলেছিলেন, ‘ইরানকে পুরোপুরি পরাস্তের পর, হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’
সূত্র: আল-জাজিরা
এনএনবাংলা/

