সাম্প্রতিক
এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবার বন্ধ ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ভারতে নিহত বাংলাদেশিদের সবাই গিয়েছিলেন চিকিৎসার জন্য ৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর, বাজেট ও উন্নয়ন প্রকল্পে কী কী প্রভাব পড়বে এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও বসবে নম্বর প্লেট দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের হিসাবে ৫৭টি পরমাণু অস্ত্র আছে, সিউলের ধারণা ১২০
Skip to content

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এ ছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

অন্যদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মো. হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দিন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, নুরনবী (অবসরপ্রাপ্ত কর্নেল), তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদ।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে আদালত আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন মামলা দায়েরের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ ফেব্রুয়ারি আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বেআইনি উদ্দেশ্যে ধানমণ্ডি ৩২ নম্বরের ভবনে প্রবেশ করেন। কোনো উসকানি ছাড়াই ভবনটির প্রধান ফটক ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরো বলা হয়, পরবর্তী সময়ে ১ থেকে ৯ নম্বর আসামির উসকানি, দায়িত্বহীনতা ও নির্দেশনায় বুলডোজার ব্যবহার করে ভবনটিতে ভাঙচুর চালানো হয়। এতে রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল, সংগৃহীত স্মৃতিচিহ্নসহ বিপুল সম্পদ লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়ার আবেদন করেছে। এর মধ্যে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫, ৪২৭, ৪৩৫, ৪৩৮, ৪৪৮, ৪২০, ৫০৬ ও ৫০৭ ধারা রয়েছে। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়ার আবেদন করা হয়েছে।

একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন বাদীপক্ষ।

এনএনবাংলা/এফএস