ডনের জামিন নামঞ্জুর, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নাকচ করেছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতেও ডনের জামিন আবেদন নাকচ হয়েছিল। ফলে এ মামলায় গ্রেপ্তারের পর দ্বিতীয় দফায় জামিন চেয়েও কারাগার থেকে বের হতে পারলেন না তিনি।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। একই দিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। আগামী বৃহস্পতিবার ডনের উপস্থিতিতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর প্রথম দিকে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এটি হত্যা মামলা হিসেবে নেওয়া হয়। দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত চলছে। তদন্তের বিভিন্ন পর্যায়ে একাধিক ব্যক্তির নামও উঠে এসেছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
এনএনবাংলা/

