মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বলেছে, তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ভারতের নিরাপত্তাসংক্রান্ত কোনো বিষয় থাকলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়ে ভারতের ভাবনা জানতে চান। তিনি উল্লেখ করেন, এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।
এরপর গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চুক্তিটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হতে পারে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে আসেনি। বিষয়টি নির্ভর করবে চুক্তির সদস্যদের অভিপ্রায়ের ওপর।
তিনি বলেন, চুক্তির সদস্যরা যদি বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, তাহলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন, “আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি।”
তিনি আরও বলেন, বিশেষ করে কোনো বিষয় ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হলে সেটি গুরুত্বের সঙ্গে দেখা হয়। ভারতের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান তিনি।
এনএনবাংলা/

