ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাশালীতে দেশের ৫১তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাশালীর নির্ধারণ করা প্রায় ৮৬ একর জমিতে প্রশাসনিক প্রক্রিয়া ও জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রাথমিক কার্যক্রম সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে এই ফলক উন্মোচন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের তরুণ প্রজন্মের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। গুণগত শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করলে উত্তরাঞ্চলের এ জনপদে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুলের প্রথম সরকারি সফর। দুদিনের সফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এনএনবাংলা/এফএস
