সাম্প্রতিক
Skip to content

‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা

ছবি: সংগৃহীত

ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি ছবি শেয়ার করেন যেখানে তার কোলে এক নবজাতক শিশুকে দেখা যাচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে একটি শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন,‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ’। এরপর থেকেই পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা কৌতূহল।

ছবিতে গাড়ির ভেতর পরিপাটি সাজে ও রোদচশমা পরা পরীমণিকে দেখা যায়। তার কোলে জড়িয়ে রয়েছে একটি শিশু। তবে শিশুটির পরিচয় প্রকাশ করেননি এই নায়িকা।

এদিকে এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী? নিজের সন্তানদের তো বটেই, এমনিতেও শিশুপ্রেমী এই চিত্রনায়িকা। এর আগে বহুবার বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান; কখনো বলেছেন-১০০ সন্তানের মা হতে চান। হয়তো এমন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন নায়িকা। ভক্তদের মনেও প্রশ্ন তবে কি ফের দত্তক নিলেন পরীমণি? আবার কেউ কেউ ধারণা করছেন, এটি তার নতুন কোনো কাজ বা প্রকল্পের প্রচারণার অংশ হতে পারে।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলাতে থাকেন ‘মা’ পরীমনি। কয়েক বছর পর তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে একাই বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি বাকি সময় সন্তানদের সঙ্গেই কাটান তিনি। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

এনএনবাংলা/এফএস