মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারের চালক সোহেল। নিহতদের বাড়ি ঢাকার গেন্ডারিয়ায় বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তারা মায়ামি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিলেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ যাত্রীর মধ্যে চালকসহ চারজন মারা গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এনএনবাংলা/
