আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অ’স্ত্রসহ আটক ১১

নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের একজন আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন-কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়েবুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) এবং মো. শরিফুল মোল্যা (৪০)।
আটক ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে এসেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে রামদা ও চাপাতি উদ্ধার করা হয় ।
১১ জনকে একসঙ্গে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তাদের কাছে এসব দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে আটক ব্যক্তিরা কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং তাদের কাছে থাকা অস্ত্রের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এনএনবাংলা/
