Skip to content

বিয়ে বাড়িতে হলো ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ মুক্তি পাবে ১১ মার্চ। চরকি প্রযোজিত সিনেমাটির প্রিমিয়ারের আয়োজনেও ছিল ভিন্নতা। ‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্র রাবেয়া-রমিজ অর্থাৎ পরীমনি-শরিফুল রাজের বিয়ের আয়োজনের মধ্যে দিয়ে সাজানো হয় পুরো এই অনুষ্ঠান।

‘গুণিন’ বাড়ির ছেলে ও মিয়া বাড়ির মেয়ের বিয়ের এই শুভদিনে দেখানো হয় তাদের অভিনীত সিনেমা ‘গুণিন’। ৯ মার্চ বিকেলে রাজধানীর মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে বসেছিল এই বিয়ের আসর। প্রথমেই পালকিতে করে রাবেয়া-রমিজ বিয়ের মঞ্চে উপস্থিত হয়।

নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। এরপর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, অভিনেতা ও অভিনেত্রীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গুণিন’ সিনেমার পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রী দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। আরও উপস্থিত ছিলেন সাজগোজ-এর কর্মকর্তা, বিকাশ-এর কর্মকর্তা, চরকির কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

—-ইউএনবি