Skip to content

LIVE 20'
Australia
0-0
Türkiye
Source: ESPN

এয়ার ইন্ডিয়ার টিকিট বিক্রি কমেছে ৩৫%,ড্রিমলাইনার দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশে উড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বিমান। এই ঘটনার ভয়াবহতায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। এই দুর্ঘটনায় মাত্র একজন যাত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, বাকি ২৪১ জন মৃত। এই মর্মান্তিক ঘটনার পর ক্রমশ কমেছে এয়ার ইন্ডিয়ার(Air India) বিমানের টিকিট বিক্রি।

রিপোর্ট দাবি করছে, গত ছ’দিনে এয়ার ইন্ডিয়ার টিকিট বিক্রি ৩০-৩৫ শতাংশ কমে গিয়েছে।(Air India) এমনকি অনেকে এও জানিয়েছেন যে, ভয়ের কারণে তারা টিকিট বাতিলও করেছেন। বেসরকারি সংস্থা ‘ব্লু স্টার এয়ার ট্র্যাভেল সার্ভিসেস (ইন্ডিয়া)’-এর কর্ণধার মাধব ওজ়া বলেন, ‘‘নতুন বুকিংও ৩০-৩৫ শতাংশ কমে গিয়েছে।’’

আবার, ‘ওয়ান্ডারঅন’ নামে আর একটি ভ্রমণ সংস্থার কর্ণধার গোবিন্দ গৌর এনডিটিভি-কে বলেছেন, ‘‘এয়ার ইন্ডিয়ায় টিকিট বাতিল হচ্ছে। যাত্রীরা অন্য বিমান সংস্থার টিকিট কাটতে চাইছেন।’’ ‘এনডিটিঊি প্রফিট’-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ২০ শতাংশেরও বেশি এয়ার ইন্ডিয়ার টিকিট বাতিল হয়ে গিয়েছে

সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, যাত্রীদের এয়ার ইন্ডিয়া থেকে মুখ ফেরানোর মূলত দু’টি কারণ লক্ষ করা গিয়েছে। প্রথমত, উড়ান সংস্থাটির নাম এয়ার ইন্ডিয়া এবং তাদের ‘বোয়িং’ বিমান। দ্বিতীয়ত, মানুষ ভীষণ ভাবে আতঙ্কিত। আটদিন আগে আহমেদাবাদের সেই মর্মান্তিক দুর্ঘটনা মানুষের মধ্যে শোকের চেয়েও বেশি আতঙ্ক তৈরি করেছে। ফলে এয়ার ইন্ডিয়ার ওপর আস্থা রাখছেন না যাত্রীরা।

প্রসঙ্গত, বর্তমানে এয়ার ইন্ডিয়ার ২৬টি বোয়িং ৭৮৭-৮ এবং সাতটি ৭৮৭-৯ বিমান রয়েছে। আহমেদাবাদের দুর্ঘটনার পর টাটা গোষ্ঠীর উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার হাতে থাকা সমস্ত ড্রিমলাইনার ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ।