সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন রূপে ‘এই মন তোমাকে দিলাম’

 

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় প্রেমের গানের তালিকায় বিশেষ স্থান দখল করে আছে ‘এই মন তোমাকে দিলাম’।

১৯৮২ সালে মুক্তি পাওয়া মানসী সিনেমার জন্য গাওয়া গানটি প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘ ৪৪ বছর পর সেই গানই নতুন আয়োজনে আবার ফিরছে বড় পর্দায়। নতুন সংস্করণেও কণ্ঠ দিয়েছেন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন।

আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা দম–এ ব্যবহার করা হচ্ছে গানটির নতুন সংস্করণ। রাজধানীর একটি স্টুডিওতে সম্প্রতি সম্পন্ন হয়েছে এর রেকর্ডিং।

নতুন সংস্করণে মূল গানের আবহ অক্ষুণ্ন রেখে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ এবং সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে সাবিনা ইয়াসমীন–এর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মোমিন বিশ্বাস।

মূল গানটির কথা লিখেছিলেন প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের সেই জনপ্রিয় গানকে বর্তমান প্রজন্মের দর্শকের কাছে নতুন আবহে পৌঁছে দিতেই এটি দম সিনেমায় ব্যবহার করা হচ্ছে।

রেকর্ডিংয়ের ফাঁকে সাবিনা ইয়াসমীন জানান, নতুন সংস্করণের গানটি তার ভালো লেগেছে বলেই তিনি এতে কণ্ঠ দিয়েছেন। নতুনদের সঙ্গে কাজ করতে তার সবসময় ভালো লাগে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সিনেমাটির অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরী’র অভিনয়ের প্রশংসাও করেন এ কিংবদন্তি শিল্পী।

সিনেমার পরিচালক রেদওয়ান রনি জানান, দম এমন একটি আবেগঘন গল্পের সিনেমা, যা দর্শকের নানা অনুভূতিকে ছুঁয়ে যাবে। তাই এমন একটি গান রাখতে চেয়েছেন, যার সঙ্গে মানুষের স্মৃতি ও ভালোবাসা জড়িয়ে আছে।

তিনি বলেন, “এই মন তোমাকে দিলাম, এখন আর শুধু একটি গান নয়; এর সঙ্গে একটি জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ-বেদনা জড়িয়ে আছে। দম সিনেমাটাও তেমনই—গল্পটি দর্শকের নানা অনুভূতিকে স্পর্শ করবে।”

ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত দম ইতোমধ্যে বছরের প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হিসেবে আলোচনায় এসেছে। নতুন প্রজন্মের দর্শকের কাছে একটি কালজয়ী গানকে নতুনভাবে পৌঁছে দেওয়ার এ প্রয়াস কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।

এনএনবাংলা/