সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই সনদ ইস্যুতে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

 

জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। গণভোটের সংস্কার প্রস্তাব এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তারা এ পদক্ষেপ নেয়।

বুধবার বিকেলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সাংসদরা প্রতিবাদস্বরূপ সংসদ কক্ষ ত্যাগ করেন।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকার ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা উচিত ছিল। এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতো এবং চলমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হতো। তবে এ বিষয়ে সরকারের কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসায় তারা হতাশ।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিরোধী দলের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার নজির কম থাকলেও আলোচনার স্বার্থে তা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

তবে স্পিকারের এই আশ্বাসে সন্তুষ্ট হয়নি বিরোধী দল। বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, তাদের মূল নোটিশকে আড়াল করতে বিকল্প একটি নোটিশ সামনে আনা হয়েছে, যা জনগণের রায়ের অবমূল্যায়ন এবং সংসদীয় রীতির লঙ্ঘন।

এর প্রতিবাদে তিনি সকল বিরোধী সাংসদদের নিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।

ওয়াকআউটের সময় স্পিকার বলেন, সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদীয় সংস্কৃতিতে ওয়াকআউট একটি স্বাভাবিক বিষয়, তবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।

বিরোধী দলের অনুপস্থিতিতেই সংসদের পরবর্তী কার্যক্রম চলমান থাকে।

এনএনবাংলা/