বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর: শুভেন্দু

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।শপথ নেওয়ার পর বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো—অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। দলটি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় যথেষ্ট গুরুত্ব দেয়নি। বিজেপির দাবি, দুর্বল সীমান্ত ব্যবস্থার সুযোগে বাংলাদেশ থেকে বহু মানুষ অবৈধভাবে প্রবেশ করেছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তিত হয়েছে।”
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্বও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার মোট সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত।
গত মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। গত ৯ মে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং পরে তিনি শপথ গ্রহণ করেন।
গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বড় সব নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হওয়ার পর এবারই প্রথম উল্লেখযোগ্য জয় পায় বিজেপি। ২৯৪ আসনের বিধানসভায় দলটি জয় লাভ করে ২০৭টি আসনে। ভোটার তালিকা সংশোধন ও প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার মতো বিতর্কিত নানা ইস্যুর মধ্যেই এই নির্বাচনী সাফল্য অর্জন করে বিজেপি।
তৃণমূল কংগ্রেসের সাবেক প্রভাবশালী নেতা ৫৫ বছর বয়সী শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনী লড়াইয়ে সামনের সারি থেকে নেতৃত্ব দেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুর আসনেও তিনি জয় লাভ করেন।
সূত্র: এনডিটিভি, পিটিআই।
এনএনবাংলা/পিএইচ
