রাজধানীতে ট্রাফিক আইন ভাঙলে রেহাই নেই, এআই দিচ্ছে মামলা

রাজধানীতে সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নতুন যুগে প্রবেশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন আর শুধু ট্রাফিক পুলিশের নজরদারি নয়—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ ইতোমধ্যে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কাওরানবাজার, বিজয় সরণি ও এয়ারপোর্ট সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপন করেছে। এসব ক্যামেরা যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত করে আইন ভঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করছে এবং সফটওয়্যারের মাধ্যমে অটোমেটেড মামলা তৈরি করছে, যা সরাসরি গাড়ির মালিকের মোবাইলে পাঠানো হচ্ছে।
লাল সিগন্যাল অমান্য করা, স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো, নির্ধারিত লেন না মেনে চলা ও উল্টো পথে গাড়ি চালানো—এসব লঙ্ঘন এখন সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে। পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, অবৈধ পার্কিং, সড়ক দখল করে গাড়ি দাঁড় করানো এবং ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানোর মতো অপরাধও এআই সিস্টেমের আওতায় আনা হয়েছে।

ছবিটি এ আই দিয়ে তৈরি।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, এসব ক্ষেত্রে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ সংগ্রহ করে মামলা তৈরি করছে। নোটিশ পাঠানো হচ্ছে ডাকযোগে ও ডিজিটাল মাধ্যমে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে পরবর্তী ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ডিএমপি বলছে, এআই-নির্ভর এই নজরদারির মূল লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমানো। ফলে এখন ট্রাফিক আইন ভঙ্গ গোপন রাখার সুযোগ প্রায় নেই বললেই চলে।
এনএনবাংলা/
