সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী রাইস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২০ মে) পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ অনুযায়ী পরিচালনা করা হয়।

অভিযানে ছাড়পত্রবিহীন ও নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা এবং একটি রাইস মিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর মধ্যে ডালকরপাড়া এলাকার মেসার্স সনি ব্রিকস (লিমা)-কে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভাটাটির চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া কালিকাপুর এলাকার মেসার্স এমএম ব্রিকসকে ৯ লাখ টাকা জরিমানা করে চিমনি ও কিলন গুড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

কুরছাপ এলাকার মেসার্স এস এস ব্রিকসকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটাটির চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে বুড়িচং উপজেলার কংশনগর এলাকার আল ইসলাম এগ্রো ইন্ডাস্ট্রিজ (রাইস মিল)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম ও হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে দেবিদ্বার উপজেলা প্রশাসন, দেবিদ্বার থানা পুলিশ এবং র‌্যাব-১১ এর সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।