Skip to content

জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির

জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টিকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান বাস্তবতা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ যে পরিবর্তন ও সুশাসনের আশা করেছিল, তার প্রতিফলন দেশের পরিস্থিতিতে দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “জ্বালানির দাম বৃদ্ধি মানেই জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া। এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।”

এদিকে শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতাও প্রকাশ করেন তিনি।

সফরকালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন।

এনএনবাংলা/পিএইচ