ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাসায় পাওয়া গেছে ডেঙ্গুর লার্ভা: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জরিপে নগরীর ৬০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। এ তথ্য প্রকাশের পর রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আব্দুস সালাম বলেন, নগরীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তাই বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এডিস মশার বিস্তার রোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, নগরীর বিভিন্ন স্কুল-কলেজে খেলার মাঠসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থাও করা হবে।
তিনি জানান, ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, ডিএসসিসির জরিপে এত উচ্চমাত্রায় ডেঙ্গুর লার্ভা শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
এনএনবাংলা/
