Skip to content

Upcoming
Argentina
0-0
Austria
Source: ESPN

ইনুর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী ৩০ জুন।

সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইনু। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া ওই ঘটনায় আরও কয়েকজন আহত হন।

এ ঘটনায় ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন জমা দিলে তার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

এর আগে গত ১৪ মে মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এ মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু।

এনএনবাংলা/পিএইচ