বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, যা একটি দেশের জন্ম দিয়েছে: উপাচার্য

বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একটি দেশের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দেশ গঠনে নেতৃত্বদানকারী ব্যক্তিদের বড় একটি অংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তারা গৌরবজ্জ্বল অবদান রেখে চলেছেন।
এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো, ক্যাম্পাসে এখন সব সংগঠন সমানভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।’
একই সঙ্গে ক্যাম্পাসে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ শূন্যের কোটায় নেমে এসেছে বলেও তিনি দাবি করেন।
এনএনবাংলা/
