Skip to content

Upcoming
Portugal
0-0
Spain
Source: ESPN

কেপ ভার্দের দুর্দান্ত প্রতিরোধ ভেঙে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ছবি: এপি

ছোট দেশ, সীমিত জনসংখ্যা, ফিফা র‌্যাঙ্কিংয়েও অনেক পিছিয়ে। তবু বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল নবাগত কেপ ভার্দে। সেই আত্মবিশ্বাসী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের উঁচু করে বাড়ানো বল দারুণ নিয়ন্ত্রণে এনে দ্রুত নিখুঁত শটে জালে পাঠান লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোল করার কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে চলতি আসরে সর্বোচ্চ ৭ গোলের মালিকও হন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আলবিসেলেস্তেরা। তবে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় কেপ ভার্দে। বক্সের কোণা থেকে নেওয়া দেরয় দুয়ার্তের দুর্দান্ত শট কোনো সুযোগই দেয়নি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। তার গোলে আকাশি-সাদা সমর্থকে ভরা মায়ামি স্টেডিয়াম মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে শুরুতেই আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে আসা বলে ম্যাক অ্যালিস্টারের হালকা হেডের পর বক্সে ফাঁকায় থাকা লিয়ান্দ্রো মার্টিনেজ বল পেয়ে সময় নিয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন। ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিল লিওনেল স্কালোনির দল।

তবে কেপ ভার্দে সহজে হার মানেনি। নাহুয়েল মলিনা, রদ্রিগো ডি পলদের রক্ষণ ভেঙে ১০৩তম মিনিটে আবারও সমতায় ফেরে দলটি। বক্সের সামান্য ভেতর থেকে সিডনি লোপেজ কাবরালের নেওয়া দুর্দান্ত কোণাকুণি শট এমিলিয়ানো মার্টিনেজের নাগালের বাইরে দিয়ে বারের একেবারে ওপরের পাশ ঘেঁষে জালে জড়ায়। দৃষ্টিনন্দন এই গোলটি টুর্নামেন্টের সেরাদের তালিকায় জায়গা পাওয়ার মতোই ছিল।

২-২ সমতায় ম্যাচ যখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, তখনই নিজেদের ভুলে বিপদ ডেকে আনে কেপ ভার্দে। ১১১তম মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে তারা। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরা আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোর হেড দিক বদলে কেপ ভার্দের জালে জড়িয়ে গেলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ওই আত্মঘাতী গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়েও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে আসা মোহামেদ সালাহ ও ওমর মারমৌশের মিসরের মুখোমুখি হবে মেসি-ডি পলরা।

এনএনবাংলা/