




বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় আকারে উপস্থাপন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির তিন অসুস্থ নেতা—মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি মহল বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় ঘটনায় রূপ দিতে চায়। সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দেশের উন্নয়নে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার। তার মধ্যে কোনো প্রতিহিংসা নেই। অথচ এই পরিবারই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যানের দাবি করেন, গত ১৮ বছর ধরে দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার শাসনামলে তারা সেই সুযোগ পাননি। এ কারণে কিছুটা অস্থিরতা থাকতেই পারে বলে মন্তব্য করেন তিনি। তবে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান দুদু।
তিনি বলেন, ‘অনেকে অনেক ধরনের জনপ্রিয়তার দাবি করেন। আমি কাউকে ছোট করছি না। কিন্তু দেশবাসী গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে। কারণ, ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা বিএনপিকেই ভোট দিয়েছে।’
দোয়া মাহফিলে বিএনপির তিন প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার।
এনএনবাংলা/
Tags: তারেক রহমানদেশি-বিদেশি ষড়যন্ত্রবিএনপিশামসুজ্জামান দুদুসরকারকে ক্ষমতাচ্যুত
এ সম্পর্কিত আরও পড়ুন