



বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এবার আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার নতুন ভেন্যুতে।
এই ম্যাচকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলনের মাধ্যমে কৌশল সাজাতে ব্যস্ত কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে যে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন, তা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই স্পষ্ট করেছিলেন। ফলে মিশরের বিপক্ষে শুরুর একাদশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
রক্ষণভাগে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে বাঁ-প্রান্তে। ইনজুরি কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট হয়ে ওঠায় তিনি আবার নিজের স্বাভাবিক পজিশনে ফিরতে পারেন। তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনা ভালো খেললেও, কেপ ভার্দের বিপক্ষে ক্র্যাম্পের কারণে ম্যাচ শেষ করতে পারেননি।
আক্রমণভাগেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ‘নাম্বার নাইন’ পজিশনে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে লড়াই আরও জমে উঠেছে। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না আলভারেজ, তাই সুযোগ পেয়েছিলেন লাউতারো। তবে সর্বশেষ ম্যাচে তার হতাশাজনক পারফরম্যান্সের পর স্কালোনি এবার শুরু থেকেই আলভারেজকে মাঠে নামানোর কথা বিবেচনা করছেন।
মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে লিয়ান্দ্রো পারেদেস দারুণ ছন্দ দেখিয়েছেন। তাকে যদি প্রথম একাদশে রাখা হয়, তাহলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে হতে পারে। আর যদি পারেদেসকে না খেলানো হয়, তাহলে থিয়াগো আলমাদার জায়গায় উইংয়ে গতি আনতে নিকোলাস গঞ্জালেসকে ব্যবহার করতে পারেন স্কালোনি।
এর আগেও বিশ্বকাপের মাঝপথে দলীয় কম্বিনেশনে পরিবর্তন এনে সফল হয়েছিলেন স্কালোনি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ভুলত্রুটি শুধরে সেরা একাদশ গড়ে তোলার চেষ্টা করছেন আর্জেন্টাইন কোচ।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।
এনএনবাংলা/
Tags: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনামিশর
এ সম্পর্কিত আরও পড়ুন