সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স এবং আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। সেমিফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ লড়াইকে ঘিরে ফুটবল অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও জানিয়েছে, তাদের পূর্বাভাসে এই ম্যাচে এগিয়ে রয়েছে ফ্রান্স।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় মাঠে নামবে দুই দল। শক্তিশালী আক্রমণভাগ নিয়ে খেলতে নামা ফ্রান্সের সামনে এবার বড় পরীক্ষা মরক্কোর সুসংগঠিত ও দৃঢ় রক্ষণভাগ।

শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া ফ্রান্স এবার তৃতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে চায়। অন্যদিকে আশরাফ হাকিমি ও হাকিম জিয়েশদের নেতৃত্বে মরক্কোর লক্ষ্য আরেকটি চমক দেখিয়ে আবারও সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা।

ম্যাচ শুরুর আগেই আলোচনায় এসেছে রেফারিং ইস্যু। আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই ফিফা ফ্রান্স–মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আর্জেন্টিনার রেফারিং দলকে, যা নিয়েও চলছে নানা আলোচনা।

তবে এসব বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফুটবলে বিতর্কিত সিদ্ধান্ত থাকবেই। তবে তাদের পুরো মনোযোগ মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিকেই। একই সঙ্গে তিনি রেফারিদের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও জানান।

এদিকে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে নিজেদের বিশ্লেষণ প্রকাশ করেছে অপটার সুপারকম্পিউটার। ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে তারা দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ। মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬ দশমিক ২ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২ দশমিক ১ শতাংশ।

অতীতের পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের ইতিহাসেও একবার দেখা হয়েছিল দুই দলের। ২০২২ সালের আসরের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা।

পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স এবং অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস—সব মিলিয়ে এই লড়াইয়ে এগিয়ে রাখা হচ্ছে ফ্রান্সকে। তবে নকআউট পর্বে মরক্কো যে কোনো সময় চমক দেখানোর সামর্থ্য রাখে, সেটিও মাথায় রাখছেন ফুটবল বিশ্লেষকেরা। শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট কার হাতে উঠবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

এনএনবাংলা/