Skip to content

Upcoming
Norway
0-0
England
Source: ESPN

পাহাড়ধসে বান্দরবানে ৫ ও কক্সবাজারে ২ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় স্বামী-স্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজিজনগরের বাসিন্দা মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। পাহাড়ধসে মাটিচাপা পড়ে তাদের মৃত্যু হয়। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে পাহাড়ধসের পর এলাকাবাসী চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, টানা বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসে আরও দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

তিনি জানান, ভোররাতে পাহাড়ধসের খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধসে দুই সন্তানসহ এক মা চাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে গত কয়েকদিনে কক্সবাজার জেলায় পাহাড়ধসে মোট ২০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা। এছাড়া টানা বর্ষণে জেলার তিনটি উপজেলার প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এনএনবাংলা/