Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

ছবি পরীমণির ফেসবুক থেকে নেওয়া

২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযানের পর রাজধানীর বনানীর বাসা থেকে অভিনেত্রী পরীমণিকে আটক করে র‍্যাব। অভিযানের সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের দাবি করা হয়। পরে মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রায় এক মাস কারাগারে থাকতে হয়। সেই মামলাটি এখনো বিচারাধীন।

গ্রেপ্তারের বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও সম্প্রতি একটি লাইভ টক শোতে র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম বলেন, পরীমণিকে গ্রেপ্তারের কোনো যৌক্তিক কারণ ছিল না। তার দাবি, তৎকালীন র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশেই ওই অভিযান পরিচালিত হয়েছিল। বিষয়টি নিয়ে সে সময়ও তিনি প্রশ্ন তুলেছিলেন বলে জানান।

খাইরুল ইসলামের এই বক্তব্যের পর গত শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি সাবেক এই কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন পর হলেও এমন একটি সত্য প্রকাশ্যে এসেছে, যার মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে তাকে অন্যায়ভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমণি তার পোস্টে লেখেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র‍্যাবপ্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়। পরে মিথ্যা ও বানোয়াট মামলায় ৭ দিনের রিমান্ড এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, আদালত হয়তো একদিন তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেবেন, কিন্তু হারিয়ে যাওয়া জীবন, সম্মান ও মানসিক শান্তি কি আর কখনো ফিরে পাওয়া সম্ভব? তাকে ঘিরে মানুষের মনে যে বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সেই প্রশ্নেরও উত্তর জানতে চান তিনি।

পোস্টের শেষাংশে পরীমণি বলেন, একটি ঘটনার অভিঘাত তার জীবনকে স্থায়ীভাবে বদলে দিয়েছে এবং সেই দায়ভার এখনো তাকে বহন করতে হচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এ ধরনের অন্যায়ের শিকার না হন এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা অটুট থাকে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এনএনবাংলা/