সাম্প্রতিক
Skip to content

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ভ্যান দুমড়েমুচড়ে গিয়ে ভ্যানচালকসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডোমার উপজেলার নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। প্রতিমা রানি, পিতোসা ও যাদব একই পরিবারের সদস্য।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মনসহ একই পরিবারের তিন আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএনবাংলা/