সাম্প্রতিক
Skip to content

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেওয়া, আগামীকালের পরীক্ষা বাতিল এবং নতুন রুটিন প্রকাশসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া গতকাল (১৩ জুলাই) অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের বিষয়টি বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, আগামীকালের এইচএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করারও দাবি জানানো হয়।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

এনএনবাংলা/