শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে কথিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।
আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীর। এছাড়া তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকেও আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং প্রসিকিউশন সেটি পর্যালোচনা করছে। তিনি বলেন, আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে মামলার সর্বশেষ অগ্রগতি জানতে রোববার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল। সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের ওই প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে।
এনএনবাংলা/
