Skip to content

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া পদে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু আজ (২৪ জুলাই) রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোটে একাধিক প্রার্থী থাকলে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

তিনি জানান, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা তার পরের কোনো দিন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, “খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

এর আগে শুক্রবার বিকেলে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়েছে।

স্পিকার বলেন, “আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।”

এনএনবাংলা/