সাম্প্রতিক
Skip to content

রাজধানীতে এক জোনের অটোরিকশা যেতে পারবে না অন্য জোনে

রাজধানীতে ই-রিকশা বা ইলেকট্রিক রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিটি জোনের ই-রিকশার জন্য নির্ধারিত থাকবে আলাদা রং। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এসব কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, রাজধানীকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর লক্ষ্যে ঢাকাকে আটটি জোনে ভাগ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় চারটি করে মোট আটটি জোন থাকবে। আইনে এসব যানবাহনকে ‘ই-রিকশা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি জোনের ই-রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। জিও-ফেন্সিংয়ের মাধ্যমে এসব রিকশার চলাচল নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের মধ্যে বৈঠক হয়েছে। এ সংক্রান্ত বিধিমালা তৈরির কাজও চলছে। বিধিমালা অনুমোদন হলে বিস্তারিত জানানো হবে।

প্রতিমন্ত্রী জানান, ই-রিকশা ব্যবস্থাটি জরুরি ভিত্তিতে কার্যকর করতে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করবে। কোন রিকশা কোন রুটে চলতে পারবে এবং কোন রুটে চলতে পারবে না, তা বিধিমালায় নির্ধারণ করা হবে।

এ ছাড়া সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ই-রিকশা চার্জ করলে সংশ্লিষ্টদের জরিমানার বিধানও আইনে রাখা হবে বলে জানান তিনি। এসব বিষয় অন্তর্ভুক্ত করে বিধিমালা তৈরির কাজ চলছে এবং আগামী সপ্তাহের মধ্যে তা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এনএনবাংলা/