সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

একসঙ্গে নদীতে মৃত্যু, পাশাপাশি কবরে ৫ শিশু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মা বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন পরিবারের পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই পরিবারের আপন দুই বোন করে চারজন, অপরজন একজন ফুফাতো বোন।

শুক্রবার দুপুরে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার মরা পদ্মা বিলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাতেই ওই পাঁচ শিশুকে চর চাকলা গোরস্তানে পাশাপাশি দাফন করা হয়েছে।

নিহত শিশুরা হলো—মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা ‘মরা নদী’তে গোসল করতে নামে পাঁচ শিশু। পানিতে নামার কিছুক্ষণ পরই তারা ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ সাঁতার জানত না। এ সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে পাঁচ শিশুকেই উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। পরবর্তীতে ৯৯৯-এ ফোন পেয়ে পরে ঘটনাস্থলে যায় পুলিশ।

দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পানিতে ডুবে মারা যাওয়া পাঁচ শিশুকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত কার্যক্রম শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এনএনবাংলা/এফএস