সাম্প্রতিক
Skip to content

১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’

সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ছবি: সংগৃহীত

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এই ক্লু পাওয়া যায়।

তিনি জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না; মামলাটির বিচার বিচারিক আদালতেই হবে। তবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে প্রসিকিউশন সহযোগিতা করবে।

এর আগে বৃহস্পতিবারও সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে ক্লু পাওয়ার কথা জানিয়েছিলেন একজন প্রসিকিউটর।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

এদিকে গুমের ঘটনায় বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, যেসব গুমের ঘটনা মানবতাবিরোধী অপরাধের আইনের আওতায় পড়বে, সেসব ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। আর স্বতন্ত্র গুমের ঘটনাগুলোর বিচার সংশ্লিষ্ট আদালতেই অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/