জামালপুরে বাস শ্রমিকদের কর্মবিরতি, চরম দুর্ভোগে যাত্রীরা

জামালপুরে বাস ভাঙচুর, চালক ও স্টাফদের মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনও দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
এতে জামালপুর থেকে রাজধানীসহ বিভিন্ন দূরপাল্লার গন্তব্যে যাতায়াতকারী হাজারো সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। আগে থেকে না জানিয়ে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেকে যাত্রা বাতিল করছেন, আবার অনেকে বিকল্প উপায়ে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
জানা যায়, গত ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটো রিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ১৬ জন। এছাড়াও জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বেপরােয়া গাড়ি চালানোর ফলে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এতে করে অনেক সময় হতাহতের ঘটনাও ঘটছে।
এ দুর্ঘটনার প্রতিবাদে এবং রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় স্থানীয় লোকজন মানববন্ধন করে। পরে সেখানে রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই বাস মালিক সমিতির পক্ষ থেকে মামলা করা হয়।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, জামালপুরগামী ও ঢাকাগামী দুটি রাজীব পরিবহনের বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চালক ও সহকারীদের মারধর করে এবং টাকা নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “এ বিষয়ে আমরা বাসচালকদের সঙ্গে কথা বলব। দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হবে।”
এনএনবাংলা/এফএস
