সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

বাঁধনের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাফা কবির

ছবি: বাঁধন ও সাফা কবিরের ফেসবুক থেকে নেওয়া

ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। এ ঘটনায় মর্মাহত, ক্ষুব্ধ ও লজ্জিত হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী সাফা কবির।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে সাফা কবির বলেন, বাঁধন ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়।

সাফা লিখেছেন, একজন শিল্পী যখন দেশের বাইরে কোনো চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও দেশের প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য— সম্মান ও নিরাপত্তা। অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয়।

বাঁধনের ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি দেশের শিল্পীদের রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে পড়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন সাফা। তার ভাষায়, দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনীতির ‘জঘন্য টানাপোড়েনের’ মধ্যে টেনে আনা হয়। শিল্পীর স্বাধীনতা হলো সত্য, ন্যায় ও মানুষের কথা বলা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন একজন শিল্পীকে বারবার মূল্য দিতে হবে—এমন প্রশ্ন রাখেন তিনি।

বিদেশে কিছু মানুষের আচরণের কারণে পুরো বাংলাদেশের মানুষকে নেতিবাচকভাবে মূল্যায়ন করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাফা কবির। তিনি বলেন, কিছু মানুষের কর্মকাণ্ডের দায় কেন পুরো দেশের মানুষকে বহন করতে হবে? সাধারণ বাংলাদেশিদের কেন দেশের বাইরে সম্মান, ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও এর মূল্য দিতে হবে?

বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাফা বলেন, তিনি এ ঘটনায় গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। তার প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং বাঁধন ন্যায়বিচার পাবেন।

তবে কয়েক দিনের আলোচনা-সমালোচনার পর ঘটনাটি যেন হারিয়ে না যায়, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার প্রশ্ন, ঘটনাটি কি শুধু কয়েক দিনের খবর হয়েই থাকবে—কিছু আলোচনা, প্রতিবাদ ও সংবাদ প্রকাশের পর নতুন কোনো ঘটনার আড়ালে চাপা পড়ে যাবে?

সবশেষে সাফা কবির বলেন, একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতার প্রশ্ন শুধু ওই শিল্পীর একার নয়; এটি সমাজ, দেশ এবং দেশের মানুষের পরিচয়ের সঙ্গেও জড়িত। কোনো শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।

এনএনবাংলা/