নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ
নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণফুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের ওয়াই-ফাই রাউটার, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট অনু ও সোলারের একটি বড় ব্যাটারি চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষিকাদের ব্যবহৃত জায়নামাজ ও হিজাব এবং সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে ছালমা নাজনিন নীলফামারী সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের পেছনের দেয়ালের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষে থাকা ওয়াই-ফাই রাউটার, অনু ও সোলারের একটি বড় ব্যাটারি নিয়ে যায়। এ সময় শিক্ষিকাদের ব্যবহৃত জায়নামাজ ও হিজাবে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া অফিস কক্ষের দুটি স্টিলের আলমিরা ভাঙচুর করে ভেতরে থাকা সরকারি প্রয়োজনীয় কাগজপত্রেও আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের জমিদাতা ও পরিচালনা কমিটির সদস্য বিমল রায়সহ স্থানীয় কয়েকজন ব্যক্তি অফিস কক্ষের ভেতরে আগুন দেখতে পান। পরে বিমল রায় মোবাইল ফোনে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান। খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. হাবিবা খাতুন, শান্তা রানী রায় ও রুমি পারভীন ঘটনাস্থলে গিয়ে চুরি ও অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে ছালমা নাজনিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়েরের নির্দেশ দেন। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগায় থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মো. জছিজুল আলম মন্ডল বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এনএনবাংলা/
