সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ফারজানা বুবলি
ঐতিহাসিক জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ফারজানা বুবলি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী। ফারজানা মনে করেন, জাতীয় সংসদে নারীদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ।
ফারজানা বুবলি বিশ্বাস করেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারবেন এবং তাদের কল্যাণে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়েও কাজ করতে পারবেন ।

ফারজানা বুবলি একজন সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী হিসেবেও পরিচিত। ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
রাজনৈতিকভাবে তিনি ২০২৪ সালের জুলাই–আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ওই সময় রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত মিছিল, ব্লকেড ও বিভিন্ন টকশোতে অংশ নিয়ে আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি বিভিন্ন স্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পুলিশের গুলি, টিয়ারশেল ও জলকামানের মুখেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তাঁর সহকর্মীরা।

আন্দোলনের সময় নারীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফারজানা বুবলি। তাঁর মতে, নারীরা যখন রাজপথে নামে তখন ইতিহাস বদলে যায় এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
বিতর্কিত আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তার ছবি,নাম,পরিচয় দিয়ে পয়েন্ট করে রাখা হয় জুলাই আন্দোলনের সময় । ফারজানা বলেন, জুলাই আন্দোলন সফল না হলে আজকে হয়তো আমাকে আয়নাঘরে থাকতে হতো ।

মিডিয়া ইন্ডাস্ট্রিতে থেকে আসার কারণে ফারজানা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলে মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তিনি মনে করেন মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ রাজনৈতিকভাবে অবহেলিত এবং তিনি এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সর্বক্ষেত্রে মিডিয়ার মানুষের সম্পৃক্ততা বাড়াতে কাজ করবেন। পাশাপাশি তিনি যেহেতু একজন মা, তাই তিনি দেশের মা ও শিশু কল্যাণ, আইন প্রয়োগ এবং যথাযথ সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
ফারজানা বুবলি ১৯৮৩ সালের ৩১ মে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে ২০০৪ সালে ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন।

উল্লেখ্য, ফারজানা বুবলির সাবেক শ্বশুর প্রবীণ রাজনীতিবিদ মঞ্জুরুল আহসান মুন্সি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুরুল আহসান আদালতের আদেশে নির্বাচন থেকে ছিটকে পড়েন ।
এনএনবাংলা/
