সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে বিপণিকেন্দ্রে আগুন, দুইজনের মৃত্যু

 

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় ১২তলা ‘কে বি অর্কিড প্লাজা’ নামের একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকানঘর পুড়ে গেছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভবনটির চতুর্থ তলায় অবস্থিত ‘ওয়েস্টার্ন টেইলার্স’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অবস্থায় মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)সহ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি পটিয়া উপজেলায়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, আহতদের হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অপর একজন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, নিহতদের শরীরে বাহ্যিক পোড়া চিহ্ন না থাকলেও শ্বাসনালী সম্পূর্ণ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ধোঁয়া ও কার্বন শ্বাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভবনটি কাচে ঘেরা হওয়ায় ধোঁয়া বের হতে পারেনি, ফলে ভেতরে বিষাক্ত গ্যাস জমে শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হয়। তিনি আরও বলেন, ঘিঞ্জি ও জনবহুল এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানিয়েছেন, আগুনে অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে টেরিবাজার এলাকায় সাধারণত ব্যাপক ভিড় থাকে। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় আজ সকালে মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

এনএনবাংলা/