সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন

 

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন, তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা থাকায় তাকে জেল হাজতে রাখা প্রয়োজন বলে তিনি আদালতে জানান।

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনির ভেতরে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মামলার অন্যান্য আসামিদের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে এ হামলা চালানো হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, পুলিশের সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। এতে মো. আশরাফুল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলি তার বাম চোখ ভেদ করে রেটিনার পেছনে চলে যায়, ফলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান।

এই মামলার ৩ নম্বর আসামি হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উল্লেখ রয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার দিন ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে এবং আন্দোলনের অন্যান্য সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি অন্যতম কুশীলব ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তার সিদ্ধান্ত ও পরিকল্পনার পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে মামলার সহিংস ঘটনাগুলো সংঘটিত হয়েছে বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ